আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসে জলে ডুবে মৃত্যু হল এক গৃহবধুর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার দশমথ গ্রামে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। জানা যায়, ওই গৃহবধূ মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা মৌসুমি মন্ডল(২০)। দুই দিন আগে স্বামী সুজন মন্ডলের সাথে ইটাহারের দশমথ গ্রামের বাসিন্দা গৌর মন্ডলের বাড়িতে বেড়াতে আসেন মৌসুমি। বুধবার সকালে আত্মীয়ের বাড়ির পাশে থাকা একটি পুকুরে স্নান করতে যায় ওই গৃহবধূ। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজা-খুঁজি শুরু করে বাড়ির লোকজন। পরে পাশের পুকুরে নেমে খোজ-শুরু করে জালের সাহায্যে মৌসুমির দেহ উদ্ধার করা হয়। তারপর ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।
এবিষয়ে স্থানীয় এলাকাবাসী সর্বেশ্বর মন্ডল জানায়, স্বামী সুজনের সঙ্গে ঘুরতে এসেছিল মৌসুমি। সেখানে থাকা একটি পুকুরে স্নান করতে গেছিল সে। কিভাবে এই ঘটনা ঘটল তা তাদের জানা নেই।